দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং একটি ভিডিও শেয়ার করার পর ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়, ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করে এবং দাবি করে, প্রেসিডেন্ট লি একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্যের ওপর নির্ভর করেছেন। তারা জানায়, ভিডিওতে দেখানো ঘটনাটি ২০২৪ সালের এবং ইতোমধ্যে তদন্ত করা হয়েছে।
ইসরায়েল আরও অভিযোগ করে, এই ধরনের বক্তব্য হলোকাস্ট স্মরণ দিবসের আগে ইহুদি গণহত্যাকে তুচ্ছ করার শামিল।
প্রেসিডেন্ট লি সামাজিক মাধ্যমে বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা জরুরি এবং অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। তিনি আরও বলেন, যুদ্ধকালীন হত্যাকাণ্ডও মানবাধিকার লঙ্ঘনের একটি বড় উদাহরণ।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও তাদের ‘অমানবিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা করছে না।
এদিকে ইসরায়েল দাবি করেছে, ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তাদের সেনারা সরাসরি হুমকির মুখে ছিল এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয়েছে।
পুরো ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: Anadolu Agency