স্বেচ্ছায় রক্তদান করাকে নিয়মিত সামাজিক অভ্যাস এবং নাগরিক দায়িত্ব হিসেবে গড়ে তুলতে হবে। অন্যান্য সম্পদের মতো রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না; মানুষের দানের মাধ্যমেই অন্যের জীবন বাঁচানো সম্ভব। ১১ এপ্রিল সকালে দমদমিয়ার আদরনী চা বাগান এলাকায় সিআরপিএফ (CRPF) গ্রুপ সেন্টারে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে এই কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং, আগরতলা এবং সিআরপিএফ-এর যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, রক্তদান শুধু চিকিৎসা সংক্রান্ত কাজ নয়, এটি সহানুভূতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।
এদিন রাজ্যপাল রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং আগরতলার উদ্যোগে ‘উজ্জ্বয়ন্ত’ নামে একটি ম্যাগাজিনের আনুষ্ঠানিক উন্মোচন করেন। স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি সিআরপিএফ, রোটারী ক্লাব এবং রক্তদাতা জওয়ানদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজি সঞ্জয় যাদব, রোটারী ক্লাবের সভাপতি ডা. দামোদর চ্যাটার্জি এবং সম্পাদক ঝুমুর বণিক সেনগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন সিআরপিএফ গ্রুপ সেন্টারের কমান্ডেন্ট প্রভাস কুমার সানোয়ার। রক্তদান শিবির শেষে রাজ্যপাল রক্তদাতা জওয়ানদের সাথে সরাসরি মতবিনিময় করেন। লোকভবন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।