শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ত্রিপুরায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: দুরন্ত গতিতে এসে ধাক্কা ট্রেনের, খেলনার মতো উড়ে গেল গাড়ি, মৃত অন্তত ৩

ত্রিপুরায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে। ধলাই জেলার এসকে পাড়া রেল স্টেশনের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি মালবোঝাই বোলেরো পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, লংতরাই ভ্যালি সাবডিভিশনের সিন্ধুকুমার পাড়া এলাকায় ট্রেনটি যখন একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনটি দুরন্ত গতিতে ছুটে আসার সময় লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল পিকআপ ভ্যানটি। কিন্তু মুহূর্তের মধ্যেই ট্রেনটি সজোরে ধাক্কা মারে গাড়িটিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি ধাক্কা দেওয়ার পর গাড়িটি খেলনার মতো উড়ে গিয়ে রেললাইনের পাশে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়।

উদ্ধারকার্য ও তদন্ত:

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারকার্য শুরু করার পাশাপাশি মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে লেভেল ক্রসিং খোলা ছিল নাকি চালক জোর করে পার হওয়ার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

রেলের গাফিলতির অভিযোগ

এই ঘটনায় রেলের গাফিলতির দিকে আঙুল তুলছেন স্থানীয়দের একাংশ। প্রশ্ন উঠছে, ট্রেন আসার সময় লেভেল ক্রসিং কেন বন্ধ ছিল না? ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর ট্রেনটি লাইনের মাঝেই দাঁড়িয়ে পড়ে এবং আতঙ্কিত যাত্রীরা নিচে নেমে আসেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে রেল পরিষেবার নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।

উল্লেখ্য যে, দুই সপ্তাহ আগেই ছত্তীসগঢ়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় ১১ জন এবং উত্তরপ্রদেশের চুনরে ৬ জনের প্রাণহানি ঘটেছিল। ত্রিপুরার এই ঘটনাটি সেই তালিকায় নতুন এক ট্র্যাজেডি হিসেবে যুক্ত হলো।

তথ্যসূত্র: এপিবি আনন্দ

এলাকার খবর