সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক কিশোর ২০০ মিটার দৌড় শেষ করলেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। এই অবিশ্বাস্য দৌড় তাকে শুধু জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকই জেতায়নি, বরং ভেঙে দিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ড—যা এতদিন ছিল কিংবদন্তি উসাইন বোল্টের দখলে।
লম্বা ধাপে পা ফেলা এবং শেষ দিকে বিধ্বংসী গতির কারণে অনেকেই তাকে ‘পরের বোল্ট’ বলতে শুরু করেছেন। তবে গাউট মাটিতেই পা রাখছেন। তিনি বলেন, “আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী... আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি। বিশ্বের সেরা কারো সঙ্গে তুলনা করলে ভালো লাগে, কিন্তু দিন শেষে আমি তো আমিই। আমি কেবল আমার কাজ করছি।”
সংঘাত থেকে সাফল্যের চূড়ায়
২০০৭ সালে কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া গাউটের জীবনগল্পটাও বেশ বৈচিত্র্যময়। তার বাবা-মা দক্ষিণ সুদানের নাগরিক। দেশে সংঘাতের কারণে ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে মিশর হয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন তারা। সেই শরণার্থী পরিবারের ছেলেই আজ বিশ্ব অ্যাথলেটিকসের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র।
গাউট হয়তো এখনো ট্র্যাকের রাজত্ব পুরোপুরি দখলে নিতে পারেননি, তবে তার গতির ঝলক জানান দিচ্ছে—স্প্রিন্টিংয়ের নতুন রাজা আসার সময় হয়ে গেছে।
প্রতিবেদন: খেলাধুলা ডেস্ক