উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনির ছেলে এবং দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করে এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই অদ্ভুত দাবি করেন।
কাইনেরুগাবা হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৩০ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।
কাইনেরুগাবার অভিযোগ, সোমালিয়ার মোগাদিশু বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন ব্যবসা থেকে তুরস্ক ব্যাপক মুনাফা লুটছে। অথচ সেখানে আল-শাবাবের বিরুদ্ধে দীর্ঘ দুই দশক ধরে উগান্ডার সৈন্যরা রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। এই আত্মত্যাগের বিনিময়ে তিনি ১০০ কোটি ডলারকে ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ বা নিরাপত্তা লভ্যাংশ হিসেবে দাবি করেছেন।
টাকা এবং বিয়ের দাবির পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণে সতর্কতা জারি করেছেন। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানান, ‘পবিত্র ভূমি’ রক্ষায় তিনি এক লাখ সৈন্য মোতায়েন করতেও প্রস্তুত।
পুরানো অভ্যাস: জেনারেল কাইনেরুগাবা এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিনিময়ে ১০০টি উন্নত জাতের গাভী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তুরস্কের সঙ্গে উগান্ডার এই খামখেয়ালি আচরণের পর দুই দেশের কূটনৈতিক মহলে এখন চরম অস্বস্তি বিরাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি।