শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

প্রেম, প্রতারণা ও হত্যা! প্রেমিকাকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখলেন নৌসেনা কর্মকর্তা

বিশাখাপত্তনমে এক নৌসেনা কর্মকর্তার ভয়ানক কাণ্ড সবাইকে আতঙ্কিত করে তুলেছে। গাজুওয়াকার এলভি নগরে এক বিবাহিত নৌসেনা কর্মকর্তা নিজের প্রেমিকাকে হত্যা করে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ফ্রিজে লুকিয়ে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্তাদা রবীন্দ্র (৩৫)। অন্যদিকে, নিহত তরুণীর নাম মৌনিকা (২৯)

ঘটনার তদন্তকারী পুলিশ জানিয়েছে, আইএনএস ডেগাতে কর্মরত রবীন্দ্র ও মৌনিকার ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল। রবীন্দ্র বিবাহিত হওয়া সত্ত্বেও মৌনিকার সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। রবীন্দ্রের স্ত্রী গত কয়েক সপ্তাহ ধরে বিজয়নগরমস্থ বাবার বাড়িতে ছিলেন। বাড়িতে কেউ না থাকায় রবীন্দ্র গত রবিবার দুপুরে মৌনিকাকে সময় কাটানোর জন্য নিজের বাড়িতে ডাকেন।

টাকা ও প্রতারণাই কেড়ে নিল প্রাণ

পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছে, বাড়িতে ডাকার পর দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। রবীন্দ্রের দাবি, মৌনিকা তার কাছ থেকে ৩.৫ লক্ষ টাকা নিয়েছিলেন। তিনি ক্রমাগত রবীন্দ্রকে ব্ল্যাকমেইল করছিলেন এবং হুমকি দিচ্ছিলেন যে তাদের অবৈধ সম্পর্কের কথা রবীন্দ্রের স্ত্রীকে বলে দেবেন। রবিবারও এই বিষয়টি নিয়ে ঝগড়া হয় এবং এক পর্যায়ে রাগের মাথায় ছুরি দিয়ে মৌনিকাকে হত্যা করেন রবীন্দ্র।

প্রমাণ লোপাটের চেষ্টা: হত্যার পর প্রমাণ নষ্ট করার জন্য রবীন্দ্র মৌনিকার শরীর টুকরো টুকরো করে কাটেন। শরীরের কিছু অংশ বস্তায় ভরে একটি নির্জন স্থানে ফেলে দিয়ে আসেন এবং বাকি অংশ নিজের বাড়ির ফ্রিজের ভেতর লুকিয়ে রাখেন। এই নৃশংস কর্মকাণ্ড ঘটানোর পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ রবীন্দ্রের বাড়িতে পৌঁছে ভয়ানক দৃশ্য দেখতে পায়; ফ্রিজ খুলতেই দেহাংশগুলো উদ্ধার হয়। তবে পুলিশ এখনো মৌনিকার মাথার সন্ধান পায়নি। সন্দেহ করা হচ্ছে, সেটি কোনো দূরবর্তী স্থানে ফেলা হয়েছে।

এই ঘটনা ২০২২ সালের দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। যেখানে আফতাব আমিন পুনাওয়ালা শ্রদ্ধাকে হত্যা করে ৩৫ টুকরো করে ফ্রিজে ভরে রেখেছিল। বিশাখাপত্তনমের এই ঘটনা আবারও সমাজের নিরাপত্তা এবং সম্পর্কের জটিলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: নিউজ১৮ অসম

এলাকার খবর